
বামুটিয়া ব্লকের উত্তর লক্ষীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের তেবাড়ীয়া সবুজ সংঘ এলাকায় ড্রেন নির্মাণকে ঘিরে এক কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এক আদি বিজেপি কর্মী কৃষক।
অভিযোগ অনুযায়ী, তেবাড়ীয়া সবুজ সংঘ ক্লাবের পেছনে সম্প্রতি একটি ড্রেন নির্মাণ করা হয়। সেই ড্রেনের জল নিষ্কাশনের পথ কৃষক হেমঙ্গল দাসের ব্যক্তিগত কৃষি জমির দিকে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।এর ফলে বর্ষার সময় জল ও আবর্জনা সরাসরি তাঁর জমিতে প্রবেশ করে জমি ভরাট হয়ে যাচ্ছে এবং ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তিনি।হেমঙ্গল দাস জানান, ড্রেন নির্মাণের আগেই তিনি গ্রাম পঞ্চায়েত প্রধান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে দেখা করে আপত্তি জানিয়েছিলেন। তবে তাঁর অভিযোগ অনুযায়ী সেই আপত্তি উপেক্ষা করেই কাজ সম্পন্ন করা হয়।বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁর বৈধ কৃষি জমি কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন তিনি।ক্ষতিপূরণ ও সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ওই কৃষক। পাশাপাশি দ্রুত সমাধান না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।