ত্রিপুরা
img

কবে থেকে থামছে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস?

আগামী সোমবার থেকেই আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হতে চলেছে। ডক্টর টিচার্স ফোরামের বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানালেন চিকিৎসকরা। পাশাপাশি স্বাস্থ্য সচিবের সাম্প্রতিক বক্তব্য নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
ডক্টর টিচার্স ফোরামের বৈঠক শেষে জানানো হয়, সোমবার থেকে এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকবেন। চিকিৎসকদের দাবি, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রশাসনিক বিষয় নিয়ে একাধিকবার জানানো হলেও সমাধান মেলেনি। এরই মধ্যে স্বাস্থ্য সচিবের বক্তব্যে তাঁরা অপমানিত বোধ করেছেন বলেও অভিযোগ ওঠে।ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানানো হচ্ছে। তবে সরকারি হাসপাতালে রোগী পরিষেবায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলে স্বাস্থ্য পরিষেবায় কী প্রভাব পড়বে? সরকার-চিকিৎসক টানাপোড়েনের সমাধান কি শেষ মুহূর্তে হবে? এখন সেদিকেই নজর।