ত্রিপুরা
img

ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নাকি শুধু সতর্কবার্তা?

নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগে সরেজমিনে পরিদর্শনে ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী। পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে দুটি প্রকল্প ঘুরে দেখেন তিনি। 
ধর্মনগরের চন্দ্রপুর শ্রীপল্লী থেকে ভাগ্যপুর পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে পূর্ত দপ্তরের এসডিও-কে সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিধায়ক জহর চক্রবর্তী।পরিদর্শনকালে রাস্তার বিভিন্ন অংশে নির্মাণের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এরপর সোনারুবাসা এলাকায় প্রায় ৩ কিলোমিটার ইট-সোলিং রাস্তার কাজও ঘুরে দেখেন বিধায়ক। সেখানেও নিম্নমানের কাজের অভিযোগ খতিয়ে দেখা হয়।বিধায়ক জানান, সরকারি অর্থে উন্নয়নের কাজে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযোগের তদন্তে কী উঠে আসবে? ঠিকাদারের বিরুদ্ধে আদৌ কি হবে কড়া ব্যবস্থা, নাকি বিতর্কই থেকে যাবে? এখন সেই দিকেই নজর।