
জরাজীর্ণ স্কুল ভবন, নেই বাউন্ডারি ওয়াল, ছাদ ফুটো হয়ে শ্রেণিকক্ষে পড়ছে বৃষ্টির পানি। এমন পরিস্থিতিতেই প্রতিদিন পড়াশোনা করতে বাধ্য দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি ব্লকের গোলসিংপাড়া গ্রামের অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলের পড়ুয়ারা।
দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি ব্লকের গোলসিংপাড়া গ্রামের অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুল দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ের চারপাশে নেই বাউন্ডারি ওয়াল। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।অন্যদিকে, স্কুল ভবনের টিনের ছাউনি ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্ষা নামলেই শ্রেণিকক্ষে পড়ছে বৃষ্টির পানি। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনার স্বার্থে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত ছাউনি সংস্কারের কাজ শুরু করা হোক। তাঁদের আশঙ্কা, বর্ষার প্রকোপ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
শিক্ষার মন্দির কি এবার পাবে নতুন রূপ? নাকি বর্ষার মধ্যেই বাড়বে পড়ুয়াদের দুর্ভোগ? এখন সেই উত্তরই খুঁজছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।