
সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিত্ব এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করা কর্মজীবী নারীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। শনিবার ধর্মনগরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত করা হয় বিধায়ক, প্রাক্তন মহিলা কমিশন চেয়ারপারসনসহ একাধিক কর্মজীবী নারীকে।
অনুষ্ঠানে সংবর্ধিত হন ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী এবং রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী।এছাড়াও বিশেষ সম্মান জানানো হয় ধর্মনগর মহকুমার চারজন মহিলা টমটম চালক এবং একজন মহিলা সবজি বিক্রেতাকে। কঠিন পরিস্থিতির মধ্যেও আত্মনির্ভরতার পথে এগিয়ে গিয়ে জীবিকা নির্বাহ এবং সমাজে অনুপ্রেরণার উদাহরণ স্থাপন করায় তাঁদের এই স্বীকৃতি প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদিকা কাকলী রাহুত, প্রতিষ্ঠাতা সদস্য কৌস্তুভ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক মিন্টু গুপ্ত, বুদ্ধ ভট্টাচার্য, সহ-সম্পাদক মিলন নাগ, অফিস সেক্রেটারি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।বক্তারা বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সমাজের নীরব সংগ্রামী মানুষদের সম্মান জানিয়ে সেই ধারাবাহিকতাই আরও একবার তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি ও কর্মজীবী নারীদের হাতে উত্তরীয়, স্মারক ও ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সমাজের নেপথ্যের সংগ্রামী মানুষদের সামনে এনে তাঁদের সম্মানিত করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা।