ত্রিপুরা
img

ধর্মনগরে বন্যা মহড়া ঘিরে প্রশ্ন

বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ধর্মনগরে অনুষ্ঠিত হলো মহকুমা স্তরের বন্যা মোকাবিলা মহড়া। তবে নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু না হওয়ায় উঠেছে একাধিক প্রশ্ন।
সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি যাচাই করতে ধর্মনগরের হাফলং চা বাগান এলাকায় আয়োজন করা হয় মহকুমা স্তরের বন্যা মোকাবিলা মহড়া।মহড়ায় ঝড়ে রাস্তার উপর গাছ ভেঙে পড়া, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং বন্যার জলে মানুষ আটকে পড়ার মতো বিভিন্ন পরিস্থিতির বাস্তবচিত্র তুলে ধরা হয়। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, স্বাস্থ্য দপ্তরসহ একাধিক সংস্থা যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রদর্শন করে।দুর্গতদের উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং আহতদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল স্থাপনের মহড়াও পরিচালিত হয়। প্রশাসনের দাবি, দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন দপ্তরের সমন্বয় ও প্রস্তুতি আরও শক্তিশালী করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।তবে এত গুরুত্বপূর্ণ মহড়া নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেয়। এ বিষয়ে প্রশাসনের তরফে জানানো হয়, বৃষ্টিপাত এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি সম্পূর্ণ করতে অতিরিক্ত সময় লাগায় কর্মসূচি শুরুতে বিলম্ব হয়েছে।
দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি কতটা বাস্তবসম্মত? আর মহড়া শুরুতে বিলম্ব কি শুধুই আবহাওয়ার কারণে—নাকি রয়েছে অন্য কোনও কারণ? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।