
বিরল রোগে আক্রান্ত সাংবাদিক মনিষ দেববর্মার চিকিৎসায় ফের মানবিক সহায়তা। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের উদ্যোগে আজ তুলে দেওয়া হলো ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য।
আমবাসার জনজাতি সাংবাদিক মনিষ দেববর্মা দীর্ঘদিন ধরে এক বিরল রোগে আক্রান্ত। তাঁর জটিল অস্ত্রোপচারের জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ফের মানবিক উদ্যোগ নিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক সুরজিৎ পাল, খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সমরেশ দে। এর আগেও মনিষ দেববর্মার চিকিৎসার জন্য সহায়তা করা হয়েছে।এদিন উপস্থিত সবাই মনিষ দেববর্মার দ্রুত আরোগ্য কামনা করেন এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানান।
একটি সহায়তা হয়তো আজ সাময়িক স্বস্তি দিল, কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে—বিরল রোগে আক্রান্ত এই সাংবাদিকের চিকিৎসা কি সম্পূর্ণ হবে? আরও বড় সহায়তা না এলে কি থেমে যাবে এই লড়াই? এখন সেদিকেই তাকিয়ে তাঁর পরিবার ও সহকর্মীরা।”