
গন্ডাছড়া মহকুমার ডুম্বুর জলাশয় সংলগ্ন সদানন্দ পাড়া এলাকায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল বিশালগড় আনন্দমার্গ স্কুল।
জুমচাষ ও দিনমজুরির সামান্য আয়ে কোনোমতে টিকে থাকা এই পরিবার দীর্ঘদিন ধরে বিপিএল কার্ডের জন্য আবেদন করেও বঞ্চিত। সরকারি সুবিধা না মেলায় রেশন থেকে শুরু করে সামাজিক সুরক্ষার সব সুযোগই তাদের কাছে অধরা। সম্প্রতি এক ঝড়ে ভেঙে পড়ে তাদের বসতঘরের একাংশ। ফলে চরম ঝুঁকির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন পরিবারটি।
সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল জুমচাষী গজেন্দ্র রিয়াংয়ের দুর্দশার করুণ চিত্র। সেই খবর নজরে আসতেই এগিয়ে আসেন স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ।তাঁর নির্দেশে বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল পৌঁছে যায় গন্ডাছড়ায়। আর্থিক সহায়তা প্রদান করা হয় গজেন্দ্র রিয়াং ও তাঁর পরিবারকে।সরকারি সাহায্য ও স্থায়ী নিরাপত্তার আশায় দিন গুনছে এই পরিবার।
একটি সাহায্য এসেছে ঠিকই… কিন্তু প্রশ্ন রয়ে গেছে—এই পরিবার কি সত্যিই পাবে স্থায়ী নিরাপত্তা, নাকি আবারও হারিয়ে যাবে অন্ধকারে?