ত্রিপুরা
img

চুরাইবাড়িতে মানব পাচার চক্রের অভিযোগ,

ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার চক্রকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি এলাকায়।
অভিযোগ, সীমান্তের ফাঁকফোকর ও কাঁটাতারের দুর্বল অংশ ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করানো হচ্ছে এবং একটি দালালচক্র সক্রিয়ভাবে কাজ করছে।এই ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চুরাইবাড়ি থানার লক্ষ্মীনগর গ্রামের এক ব্যক্তির নাম। অভিযোগ, দীপন দাস আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত থেকে অবৈধ অনুপ্রবেশে সহযোগিতা করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে চুরাইবাড়ি পুলিশ বাংলাদেশি নাগরিক মোঃ হারুনকে গ্রেপ্তার করে। অভিযোগ, তাকে ভারতে এনে ভুয়ো পরিচয়ে রাখা এবং ভারতীয় নথি তৈরিতে সহায়তা করেন দীপন দাস।আরও অভিযোগ, তিনি একসময় আদালতের মুহুরীর কাজ করতেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে ভুয়ো নথি তৈরির একটি চক্র চালাতেন।ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। এদিকে তাঁর গ্রেপ্তারের দাবিতে বুধবার রাতে লক্ষ্মীনগর গ্রামে ব্যাপক প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা।তাঁদের অভিযোগ, এটি একটি বৃহৎ চক্র, এবং দ্রুত ব্যবস্থা না নিলে সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠবে।
একদিকে গ্রামবাসীদের তীব্র প্রতিবাদ, অন্যদিকে পলাতক অভিযুক্ত—এই মানব পাচার চক্রের আসল শিকড় কি শুধু একজন ব্যক্তি, নাকি সীমান্ত জুড়ে ছড়িয়ে থাকা আরও বড় নেটওয়ার্ক ধীরে ধীরে সামনে আসছে, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য…”