ত্রিপুরা
img

উদয়পুরে নতুন চক্ষু হাসপাতাল চালু, উদ্বোধনে অর্থমন্ত্রী

উদয়পুরে স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বেসরকারি উদ্যোগে গড়ে উঠল নতুন ‘নেত্রলোক চক্ষু হাসপাতাল’। রবিবার উদয়পুর ইয়ুথ ক্লাব সংলগ্ন এলাকায় এক সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
হাসপাতালের ফিতা কেটে উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, সমাজসেবক সানি সাহা এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা সমীর সরকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আধুনিক ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে। বেসরকারি উদ্যোগে এমন হাসপাতাল গড়ে উঠলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।উদ্বোধনের দিনই ১৫০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এই ধরনের বিশেষায়িত চক্ষু হাসপাতালের প্রয়োজন অনুভূত হচ্ছিল। নতুন এই উদ্যোগে এলাকার স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশা খুলবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।
উদয়পুরে এই নতুন চক্ষু হাসপাতাল কি বদলে দেবে এলাকার স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ? আর কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ? নজর এখন সেদিকেই।