
দলীয় আদর্শ, সংগঠনের শৃঙ্খলা এবং কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয় দীনদয়াল প্রশিক্ষণ বর্গ। কিন্তু সেই প্রশিক্ষণ শিবির থেকেই এবার সামনে এল এমন কিছু দৃশ্য, যা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। অভিযোগ, প্রশিক্ষণের বদলে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলেন অংশগ্রহণকারীরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন। ৬ আগরতলা বিধানসভা এলাকার অন্তর্গত আবার কলঙ্কিত করল মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজেপির দীনদয়াল প্রশিক্ষণ বর্গ। অভিযোগ, মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্যের নেতৃত্বে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে শৃঙ্খলার বদলে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। সূত্রের দাবি, প্রশিক্ষণ বর্গে মোবাইল ফোন ব্যবহার এবং প্রবেশের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ থাকার কথা। কর্মীদের মনোযোগ যাতে শুধুমাত্র প্রশিক্ষণের উপর থাকে, সেই কারণেই এমন নিয়ম চালু করা হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সেই মোবাইল ফোন দিয়েই ভিডিও ধারণ করা হচ্ছে, চলছে নাচ-গান এবং আনন্দ-উল্লাসের বিভিন্ন মুহূর্তের রেকর্ডিং। ইতিমধ্যেই সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে চর্চা। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, যে কর্মশালার উদ্দেশ্য ছিল আদর্শগত ও সাংগঠনিক শিক্ষা প্রদান, সেখানে যদি বিনোদনই প্রধান আকর্ষণ হয়ে ওঠে, তাহলে প্রশিক্ষণের মূল লক্ষ্য কতটা সফল হচ্ছে? যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত আয়োজকদের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভিডিও সামনে আসার পর দলের অভ্যন্তরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। প্রশিক্ষণের মঞ্চে কি সত্যিই আদর্শের পাঠ চলছিল, নাকি পর্দার আড়ালে অন্য ছবি? মোবাইল নিষিদ্ধের নিয়ম ভেঙে কারা ভিডিও করল? দলের শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও অস্বস্তিকর সত্য?