ত্রিপুরা
img

ধর্মনগর ভোট গণনা ঘিরে কড়া নিরাপত্তা, স্ট্রংরুমে তিন স্তরের বলয়

আগামীকাল ৪ মে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। তার আগে আজ ধর্মনগর শহরে উচ্চপর্যায়ের পুলিশ প্রশাসনের পরিদর্শন ঘিরে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ প্রস্তুতির বার্তা।
৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল।তার আগে রবিবার বিকেল প্রায় পাঁচটায় ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবস্থিত ভোট গণনা কেন্দ্র ও স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ধর্মনগরে পৌঁছান ত্রিপুরা পুলিশের ডিআইজি রতি রঞ্জন দেবনাথ।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার কমল দেববর্মা।সম্মিলিতভাবে তারা ভোট গণনা কেন্দ্র ও স্ট্রংরুম পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পরে তারা ধর্মনগর থানাতেও যান।ডিআইজি রতি রঞ্জন দেবনাথ জানান, স্ট্রংরুমের চারপাশে ১৬৩ ধারা জারি থাকবে। পাশাপাশি ১০০ মিটার দূরত্বে ব্যারিকেড বসানো হবে এবং থাকবে তিন স্তরের শক্তিশালী নিরাপত্তা বলয়।তিনি আরও জানান, ভোট গণনার দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা ধর্মনগর শহরজুড়ে কঠোর নজরদারি চালানো হবে।প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করাই এখন মূল লক্ষ্য।
সব প্রস্তুতি সম্পূর্ণ হলেও এখন নজর একটাই—ভোট গণনার দিন ধর্মনগর কি থাকবে সম্পূর্ণ শান্ত? নাকি ফল ঘোষণার মুহূর্তে তৈরি হবে নতুন কোনো উত্তেজনা?