
একটি হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে শান্তির বাজার মহকুমার মুহুরীপুর আরএফ শংকরপুর এলাকা থেকে। অর্থের অভাবে ছয় বছরের অসুস্থ সন্তানকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না এক অসহায় মা। আর সেই যন্ত্রণার কাহিনীই এখন মানবিক সাহায্যের আর্তনাদ হয়ে উঠেছে।
অভিযোগ, তৃতীয়বার টিকা নেওয়ার পর থেকেই শিশুটির শরীরে শুরু হয় জটিল স্নায়ুর সমস্যা। ধীরে ধীরে বাড়তে থাকে অসুস্থতা।শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে শুরু করে আগরতলার একাধিক চিকিৎসকের দ্বারস্থ হয়েও মেলেনি স্থায়ী সমাধান। চিকিৎসকের পরামর্শ—উন্নত চিকিৎসা প্রয়োজন রাজ্যের বাইরে।কিন্তু সেখানেই বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক দুরবস্থা। প্রায় একাই সন্তানের চিকিৎসার বোঝা বহন করছেন মা অষ্টমী সূত্রধর। অভিযোগ, স্বামীর দিক থেকেও নেই কোনো সহযোগিতা।বারবার হাসপাতালে ছুটে চলা, ঔষধের খরচ আর উন্নত চিকিৎসার স্বপ্ন—সব মিলিয়ে ভেঙে পড়েছে এই পরিবারের জীবন।এখন অসহায় মা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং জোলাইবাড়ি বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়ার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। একইসঙ্গে রাজ্যের সাধারণ মানুষের কাছেও তিনি মানবিক সহায়তার অনুরোধ করেছেন।এখন প্রশ্ন একটাই—এই অসহায় মায়ের কান্না কি পৌঁছাবে প্রশাসনের দরজায়? নাকি চিকিৎসার অভাবে থেমে যাবে ছোট্ট আয়ুষের জীবন লড়াই?
“একটা সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে ছোট্ট জীবন… বাঁচবে কি আয়ুষ, নাকি থেমে যাবে সব স্বপ্ন? উত্তর দেবে সময়… আর প্রশাসন!”