
আট নম্বর জাতীয় সড়কে মরণফাঁদ, ভয়াবহ যানজটে নাজেহাল জনজীবন অসম–ত্রিপুরা সংযোগকারী আট নম্বর জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। একটি ভারী যান ফেঁসে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাজেহাল হয়ে পড়েন যাত্রী ও চালকরা। চুরাইবাড়ি সংলগ্ন লোয়া-ইর-পোয়া এলাকায় শুক্রবার দুপুরে একটি ১৬ চাকার ভারী ট্রাক জাতীয় সড়কের মাঝখানে আটকে পড়ে। এর জেরে মুহূর্তের মধ্যেই সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনাস্থলে উপস্থিত হয়নি সড়ক নির্মাণ সংস্থার কোনও দায়িত্বশীল আধিকারিক। এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। জানা গেছে, ভারত মালা প্রকল্পের কাজের জন্য মূল সড়ক বন্ধ থাকায় বিকল্প হিসেবে সরু ও দুর্বল লোয়া ইর পোয়া বাজার রোড ব্যবহার করা হচ্ছে।