
ধর্মনগরে ধারাবাহিক চুরির ঘটনায় বড় সাফল্য পুলিশের। একের পর এক অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হল ৭ জন, উদ্ধার বিপুল পরিমাণ চোরাই সামগ্রী।
বিগত কয়েকদিন ধরে ধর্মনগর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। রড চুরি, বাইক চুরি এবং দোকান ভাঙচুরের ঘটনায় অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে।এরপরই মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে এবং ওসি মীনা দেববর্মনের তত্ত্বাবধানে বিশেষ টিম গঠন করে শুরু হয় অভিযান।অভিযানে সাফল্য পেয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ২ টন রড, একাধিক যন্ত্রাংশ এবং চুরি যাওয়া ৯টি বাইক।গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছে রামদেব নাথ, সুলাজ মিয়া, রাহুল উদ্দিন, গয়াজ উদ্দিন, আব্দুল কালাম, কমফু শুক্ল দাস ও সঞ্জয় দাস।পুলিশের এই সাফল্যে কিছুটা স্বস্তি ফিরলেও স্থানীয়দের দাবি, এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে হবে।
চোরচক্রের পুরো নেটওয়ার্ক ভাঙতে তদন্ত কতদূর এগোয়—সেদিকেই এখন নজর ধর্মনগরবাসীর।