
ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স সংঘের তরফে আজ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা অধিকর্তার উদ্দেশে ডেপুটেশন প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে সরব হন সংগঠনের সদস্যরা।
তাদের দাবি অনুযায়ী, বামফ্রন্ট সরকারের সময়ে ডিএ সহ বিভিন্ন আর্থিক সুবিধা ঘোষণা করা হলেও ২০১৭ সাল থেকে তা বন্ধ হয়ে গেছে। এরপর থেকে একাধিকবার দাবি জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ।সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, সুপ্রিম কোর্টের রায়ের কপি দপ্তরের হাতে জমা দেওয়া হলেও তা এখনও কার্যকর করা হয়নি। এতে ক্ষোভ বাড়ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে।তাদের অভিযোগ, ন্যায্য অধিকার থাকা সত্ত্বেও বারবার বঞ্চনার শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত রায় কার্যকর ও সমস্ত বকেয়া সুবিধা চালুর দাবি জানান তারা।
ডেপুটেশন শেষে সংগঠনের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।