ত্রিপুরা
img

কৃষ্ণনগর ইটভাটায় শিশু শ্রমের অভিযোগে চাঞ্চল্য, ক্যামেরায় ধরা পড়ল কাজের দৃশ্য

ঊনকোটি জেলার ফটিকরায়ের কৃষ্ণনগর এলাকায় এক ইটভাটায় শিশু শ্রমের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে ছোট ছোট শিশুদের দিয়ে ইট বোঝাই সহ ভারী কাজ করানোর দৃশ্য। 
অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানে অবৈধভাবে শিশু শ্রম চলছিল।জানা গেছে, ভাটার বিভিন্ন কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে একাংশের অভিযোগ ছিল বহুদিন ধরেই। অবশেষে সেই অভিযোগের সত্যতা ধরা পড়ে ক্যামেরায়।অন্যদিকে ভাটার মালিক গৌতম সাহা অভিযোগ অস্বীকার করেছেন। শিশু শ্রমের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেও ভাটার মালিকের একাধিক বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে মত স্থানীয়দের।এই বিষয়ে কুমারঘাট মহকুমার শ্রম পরিদর্শক তন্ময় বড়ুয়া জানান, ১৪ বছরের নিচে শিশুদের কোনো কাজেই নিয়োগ করা আইনত দণ্ডনীয়। একইসঙ্গে ১৪ থেকে ১৮ বছরের নাবালকদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ।তিনি আরও জানান, অভিযানে শিশু শ্রমিক পাওয়া গেলে তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।এদিকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শিশু শ্রম চলার অভিযোগে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকাতেও।