
তেলিয়ামুড়ায় নির্বাচন-পরবর্তী হিংসা, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর নির্বাচনের ফল ঘোষণার পর ফের উত্তপ্ত তেলিয়ামুড়া। ১১ মহারানী–তেলিয়ামুড়া টিটিএএডিসি কেন্দ্রের চাকমাঘাটের তুইমধু গ্রামে বিজেপি সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং গৃহস্থালির জিনিসপত্র নষ্ট করে। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।নিরাপত্তাহীনতার আশঙ্কায় একাধিক বিজেপি কর্মী-সমর্থক বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন তেলিয়ামুড়া থানার জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে।ঘটনার পর মঙ্গলবার এলাকায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও স্থানীয় নেতৃত্ব।মুখ্যমন্ত্রী প্রথমে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে আশ্রয় নেওয়া কর্মী-সমর্থকদের সঙ্গেও দেখা করে পাশে থাকার আশ্বাস দেন।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।