
মান্দাইয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিপ্রা মথা সুপ্রিমো। টিটিএএডিসি নির্বাচনের আবহে আজ এক অনন্য ছবির সাক্ষী থাকল মান্দাই। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিপ্রা মথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ভোটদান শেষে তিনি পাহাড়ের সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। ২০২৬-এর এডিসি নির্বাচনের মহারণ। আর এই গুরুত্বপূর্ণ দিনে রাজ্যের নজর ছিল মান্দাইয়ের অভিরাম মুখুমু পোলিং স্টেশনের দিকে। আজ সকালে সেখানেই পৌঁছান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। কোনও বিশেষ সুবিধা না নিয়ে, সাধারণ ভোটারদের মতোই ৩৪ নম্বর বুথের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তিনি।মহারাজাকে নিজেরদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখে উৎসাহে ফেটে পড়েন সাধারণ ভোটাররা। ভোটদান প্রক্রিয়া শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব নিয়ে বার্তা দেন। তিনি বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো সাধারণ মানুষ এবং প্রত্যেকের উচিত নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে এই প্রক্রিয়ায় অংশ নেওয়া।শুধু মান্দাই নয়, আজ সকাল থেকেই এডিসির বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রতিনিধি বেছে নিচ্ছেন ভোটাররা। প্রখর রোদ উপেক্ষা করেও মানুষের এই অংশগ্রহণ রাজ্যের গণতান্ত্রিক কাঠামোর প্রতি এক গভীর আস্থার প্রতিফলন।