ত্রিপুরা
img

ভোটের শেষ মুহূর্তে হামলা–পাল্টা ধাওয়া, আতঙ্কে কাঁপছে এলাকা

ভোটের শেষ মুহূর্তে হামলা–পাল্টা ধাওয়া, আতঙ্কে কাঁপছে এলাকা  শান্তিপূর্ণভাবে শুরু হলেও ভোটগ্রহণের শেষলগ্নে এসে রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী থাকল ১১-মহারানীপুর (তেলিয়ামুড়া) কেন্দ্র। দীনদয়াল সরদারপাড়া স্কুল সংলগ্ন এলাকায় বহিরাগতদের হামলা এবং গুলি চালানোর অভিযোগে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বিনয় চৌমুহনী ও উত্তর মহারানী এলাকায়।  স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল প্রায় পৌনে চারটা নাগাদ দুই থেকে তিনটি গাড়িতে করে একদল দুষ্কৃতী পোলিং সেন্টার লক্ষ্য করে এলাকায় প্রবেশ করে। অভিযোগ, ভোট চলাকালীন তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে স্থানীয় তিপ্রা মথা কর্মীরা বাধা দেয়। এর জেরেই শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ।অভিযোগ আরও গুরুতর—স্থানীয়দের বাধার মুখে পালানোর সময় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বিনয় চৌমুহনী এলাকায়। বাকি গাড়িগুলি উত্তর মহারানীর দিকে পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবকরা ধাওয়া করে। সেই সময় দুষ্কৃতীরা গাড়ি থেকে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কল্যাণপুর থানার ওসি আশীষ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণ বিবরণ এখনও যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তিপ্রা মথার স্থানীয় নেতা গৌরব দেববর্মা। বর্তমানে এলাকায় বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি প্রশাসনের।