
২৬ বীরচন্দ্র কলসী কেন্দ্রে ভোটে রণক্ষেত্র, বোমা ও সংঘর্ষে বহু আহত এডিসি নির্বাচনের শুরুটা শান্তিপূর্ণ হলেও, দুপুর গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে ২৬ নং বীরচন্দ্র কলসী কেন্দ্র। বিভিন্ন পুলিং স্টেশনে শুরু হয় ব্যাপক মারামারি ও সংঘর্ষ, যার জেরে আহত হন বহু মানুষ। অভিযোগ, অলোইছড়া এলাকায় পরপর তিনটি বোমা নিক্ষেপ করা হয়, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কিছু কিছু ভোটকেন্দ্র কার্যত ভোটারশূন্য হয়ে পড়ে।২৬ নং কেন্দ্রের ৩৫ নম্বর বুথ, অনন্ত সর্দার পাড়ায় বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে দেবদারু এলাকায় বিজেপির অন্তত ৫ জন কর্মী আক্রান্ত হয়ে বর্তমানে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।যেসব এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবুও বারবার প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। অভিযোগ, নির্বাচনের দায়িত্বে থাকা অবজারভারকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।স্থানীয়দের দাবি, অপ্রতিকর ঘটনা রুখতে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা জরুরি।