
দুর্গম পাহাড় পেরিয়ে ভোটারদের উৎসাহ, নেই কোনো অপ্রীতিকর ঘটনা উত্তর জেলায় আজকের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে। জেলা শাসক চাঁদনী চন্দ্রন জানান, দুপুর ৩টা পর্যন্ত ১নং দামছড়া-জুম্পই কেন্দ্রে ৫৯ শতাংশ এবং ৩নং দশদা-কাঞ্চনপুর আসনে ৭১ শতাংশ ভোট পড়েছে। এই দুই কেন্দ্রে মোট ৮৫ হাজার ৯৩৩ জন ভোটার রয়েছেন, যেখানে পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।দামছড়া-জুম্পই আসনের দুর্গম পাহাড়ি এলাকায় ভোটকেন্দ্র হওয়ায় ভোটকর্মীদের যেমন পৌঁছতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তেমনি ভোটারদেরও কষ্ট সহ্য করে ভোট দিতে যেতে হয়েছে। ফলে কিছু ক্ষেত্রে ভোটগ্রহণের গতি ধীর ছিল।তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুই কেন্দ্রেই কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিজেপি, তিপ্রা মথা এবং সিপিএম—তিন দলের প্রার্থীরাই অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবি করেছেন।এদিকে, বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের হার আরও বাড়বে বলে আশাবাদী ভোটকর্মীরা। অনেক কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ায় ভোটকর্মীরা স্ট্রং রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদিও বেশ কিছু কেন্দ্রে তখনও ভোটারদের উপস্থিতি থাকায় চূড়ান্ত ভোটের হার এখনও জানা যায়নি।