ত্রিপুরা
img

সন্ত্রাস করে দমানোর দিন শেষ, এডিসিতে দুর্নীতির পাই-পাই হিসেব হবে: মুখ্যমন্ত্রী

আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। বৃহস্পতিবার খোয়াই মহকুমার আশারামবাড়ি কেন্দ্রের বেহালাবাড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। আর সেখান থেকেই প্রধান বিরোধী দল তিপরা মথা-র বিরুদ্ধে সুর চড়িয়ে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন তিপরা মথা বা টিএমপি-র নতুন নামকরণ করেন। তিনি বলেন, "টিএমপি মানে হলো তিপরা মারপিট পার্টি।" মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই দল মারপিট আর সন্ত্রাস ছাড়া আর কিছুই বোঝে না। এমনকি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে টিএমপি-র তুলনা টেনে তিনি বলেন, দুই দলই একই কায়দায় দাপিয়ে বেড়ানোর রাজনীতি করছে।এদিন মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠেছে, তিপরা মথা-র পক্ষ থেকে ফতোয়া জারি করে বেহালাবাড়ী সাপ্তাহিক বাজার বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল থেকে ব্যবসায়ীরা ভয়ে একটি দোকানও খোলেননি। শুধু তাই নয়, সভার আগে থেকে গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয় বলেও অভিযোগ বিজেপি শিবিরের।তবে সমস্ত বাধা উপেক্ষা করেই এদিনের সভায় জনজাতি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটারদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। নির্বাচনের দিন পুলিশি ব্যবস্থা কঠোর থাকবে যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন।
এদিনের জনসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সব মিলিয়ে এডিসি ভোটের আগে তিপরা মথার গড়ে দাঁড়িয়ে আজ কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।