
সোমবার গভীর রাতে কৈলাসহর থানাধীন গোলধারপুর রুদ্র সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্কুলে এসে ইনচার্জ রাজ মোহন সূত্রধর দেখেন, মূল বিল্ডিংয়ের গ্রীলের তালা ভাঙা এবং ভিতরে সবকিছু তছনছ অবস্থায় রয়েছে।প্রধানশিক্ষকের রুম ও অফিস রুমের দরজা ভেঙে গডরেজ আলমারি ও লকার ভেঙে ফেলা হয়েছে।এমনকি স্কুলের ক্যান্টিনেও হানা দিয়ে লকার ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা।প্রাথমিকভাবে জানা গেছে, নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া চলায় লকারে বেশ কিছু নগদ টাকা রাখা ছিল। তবে ঠিক কত টাকা চুরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রধান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।উল্লেখ্য, প্রায় দেড়শো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী স্কুলে এর আগে কখনও চুরির ঘটনা ঘটেনি।এদিকে, দীর্ঘদিন ধরে স্কুলে নাইট গার্ড না থাকা এবং এলাকায় নাইট পেট্রোলিংয়ের অভাব নিয়ে উঠছে প্রশ্ন। চুরির ঘটনার পর আতঙ্কে স্কুল কর্তৃপক্ষ—নিরাপত্তা বাড়ানোর দাবি জোরালো হচ্ছে।