ত্রিপুরা
img

বন দফতরের সাঁড়াশি অভিযান

বন দফতরের সাঁড়াশি অভিযান গোপন সংবাদের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বন দফতর। চুরাইবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বন দফতর। অভিযানের খবর পেয়ে ইতিমধ্যেই পলাতক অভিযুক্ত। চুরাইবাড়িতে বন দফতরের সাঁড়াশি অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ। বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে বড়গোল ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালায় বন দফতরের দল।অভিযানের নেতৃত্বে ছিলেন চুরাইবাড়ি বিট অফিসার আশুতোষ মালাকার। স্থানীয় প্রধান ও মেম্বারের উপস্থিতিতে একটি পরিত্যক্ত বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে মজুত করে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ।পরে বনকর্মীরা প্রায় একশো ফুট চেরাই কাঠ উদ্ধার করে সিজার করে বিট অফিসে নিয়ে যায়। বন দফতরের অনুমান, উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য লক্ষাধিক টাকা।এদিকে, প্রাথমিকভাবে জানা গেছে এই অবৈধ কাঠের মালিক সুরজ আলী। তবে অভিযানের খবর পেয়েই তিনি এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন।এই অভিযানে চুরাইবাড়ি বিট অফিসের পাশাপাশি জুড়ি বিট অফিসের বনকর্মীরাও অংশ নেন। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ কাঠ পাচার রুখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চালানো হবে।