
এসডিপিও অফিসের সামনে পুতুল বসিয়ে বিক্ষোভ, বিশালগড়ে একাধিক গুলি-কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে সিপিআইএম। আজ সকালে এসডিপিও অফিসের সামনে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে দলটি। বৃহস্পতিবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে নামে সিপিআইএম। অভিযোগ, সাম্প্রতিক সময়ে একাধিক গুলি-কাণ্ডের ঘটনা ঘটলেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে একটি পুতুলকে চেয়ারে বসিয়ে “প্রশাসন” হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি অফিসের সামনে খোলা স্মারকলিপি লাগিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিমা মজুমদার। তাঁর অভিযোগ, রাজ্যের মধ্যে সন্ত্রাসের নিরিখে বিশালগড় এখন শীর্ষে উঠে এসেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা চরম সংকটে।বিক্ষোভকারীরা দাবি করেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএম।