ত্রিপুরা
img

প্রাচীন প্রথা মেনে খোয়াই নদীর অষ্টমী ঘাটে পুণ্যস্নান

পুরনো প্রথা ও ধর্মীয় রীতি মেনে খোয়াইয়ের সোনাতলা ভবতোষ পাড়া সংলগ্ন খোয়াই নদীর অষ্টমীর ঘাটে পালিত হলো পবিত্র অষ্টমী স্নান। প্রায় ১০০ বছরের প্রাচীন এই উৎসবকে কেন্দ্র করে এ বছরও ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।বৃহস্পতিবার তিথি অনুযায়ী ভোর থেকেই খোয়াই ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা অষ্টমীর ঘাটে ভিড় জমাতে শুরু করেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই পুণ্য তিথিতে খোয়াই নদীর পবিত্র জলে স্নান করলে মনের বাসনা পূর্ণ হয় এবং জীবনের সকল বাধা-বিপত্তি দূর হয়।সকাল থেকেই মন্ত্রোচ্চারণ ও ধূপ-দীপ জ্বালিয়ে দেবতার আরাধনায় মগ্ন ছিলেন ভক্তরা। পাশাপাশি বহু মানুষকে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তিলজল দান, অস্থি বিসর্জন ও পিণ্ডদান করতে দেখা যায়।অষ্টমী স্নানকে ঘিরে নদীর তীরবর্তী এলাকায় বসেছে রকমারি মেলার আসর। মাটির খেলনা, স্থানীয় হস্তশিল্প থেকে শুরু করে ঘরোয়া খাবারের দোকান—সব মিলিয়ে এলাকাটি পরিণত হয়েছে এক উৎসবমুখর প্রাঙ্গণে।অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।