
চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ফের রক্তাক্ত দুর্ঘটনা চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অটো এবং একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ৭ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন অভিশপ্ত বলে পরিচিত ওই এলাকায় হঠাৎ করেই একটি অটো এবং প্রাইভেট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দু’টি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশালগড় ও বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহতদের উদ্ধার করে দ্রুত বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশালগড় থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।