
কলেজ টিলা এলাকার বেধবর্ণ চক্রবর্তী কুমারী মা হিসেবে পূজিত । আজ মহা অষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই তিথিতে আগরতলার আনন্দময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কুমারী পূজা। এদিন ছোট্ট এক কন্যাকে দেবী দুর্গার রূপে পূজা করার মধ্য দিয়ে ভক্তরা পালন করেন বিশেষ আচার। মহা অষ্টমীর পবিত্র লগ্নে আগরতলার আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। শাস্ত্র মতে, কুমারী কন্যার মধ্যে দেবী শক্তির প্রতিফলন ঘটে—এই বিশ্বাস থেকেই প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আয়োজন করা হয় এই পূজা।এবছর কুমারী মা হিসেবে পূজিত হন কলেজ টিলা এলাকার মাত্র ৬ বছর বয়সী বেধবর্ণ চক্রবর্তী। তার বাবা বিশ্বজিৎ চক্রবর্তী। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। কুমারী মাকে দেবীর আসনে বসিয়ে পূজা, অর্চনা, আরতি এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে সম্পন্ন হয় এই আচার।পূজার সময় ভক্তরা কুমারী মায়ের আশীর্বাদ গ্রহণ করেন এবং তাঁর চরণে পুষ্প নিবেদন করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজার মাধ্যমে জীবনের সকল অশুভ শক্তির বিনাশ ঘটে এবং সুখ-শান্তি বজায় থাকে।