
শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ময়দানে অমূল্য ও সঞ্জিত দেববর্মা। রাজ্যে ফের বেজে উঠেছে এডিসি নির্বাচনের রণদামামা। জয়ের লক্ষ্যে এবার ময়দানে নামল বামেরা। "জনগণের টাকা জনগণের কল্যাণে খরচ হবে"—এই বার্তাকে সামনে রেখেই শুক্রবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন ১৩ ও ১৪ নম্বর আসনের সিপিআইএম প্রার্থীরা। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এদিন লাল ঝান্ডার মিছিলে দেখা গেল কর্মীদের উচ্ছ্বাস। শুক্রবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের অন্তর্গত ১৩-সিমনা তমাকারী এবং ১৪-বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী অমূল্য দেববর্মা ও সঞ্জিত দেববর্মা তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিন মোহনপুর মহকুমা শাসক তথা নির্বাচন আধিকারিকের নিকট তারা আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন পেশ করেন।মনোনয়নপত্র জমা দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুই প্রার্থীই বর্তমান প্রশাসনের সমালোচনা করেন। তাদের দাবি, এডিসির মানুষ এখন শান্তি ও স্বচ্ছ প্রশাসন চাইছে। সাধারণ মানুষের আমানত যাতে তাদের উন্নয়নের কাজেই লাগে, সেটাই বামেদের প্রধান লক্ষ্য।