ত্রিপুরা
img

দেড় লক্ষ টাকার ইলেকট্রনিক সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার ২।

দেড় লক্ষ টাকার ইলেকট্রনিক সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার ২। ভোররাতে সরকারি অফিসে হানা দিয়ে সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা। উদয়পুরে গোমতী জেলা পরিষদ অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহকুমায়। তবে শেষ রক্ষা হল না। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ২৪ ঘণ্টার মধ্যেই দুই কুখ্যাত চোরকে জালে তুলল রাধাকিশোরপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।  ঘটনার সূত্রপাত গত ১৭ই মার্চ। ঘড়িতে তখন ভোর প্রায় চারটে। সেই সময় গোমতী জেলা পরিষদ অফিসের ভেতর হানা দেয় একদল দুষ্কৃতী। অফিসের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের জন্য রাখা প্রায় দেড় লক্ষ টাকার মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা। পরদিন অর্থাৎ ১৮ই মার্চ সকালে কর্মীরা অফিস খুলতেই দেখেন সব লণ্ডভণ্ড। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়।তদন্তে নেমে পুলিশের প্রধান হাতিয়ার হয়ে ওঠে অফিসের সিসিটিভি ক্যামেরা। ফুটেজ খতিয়ে দেখেই পুলিশ শনাক্ত করে দুই অভিযুক্তকে। তারা হল এলাকারই কুখ্যাত চোর সুমন মিয়া এবং কামিজ মিয়া। এরপর আর দেরি না করে ১৯শে মার্চ বিকেলে রাজারবাগ মুসলিম পাড়ায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। নিজ বাড়ি থেকেই গ্রেফতার করা হয় এই দুই অভিযুক্তকে।