
কুমারঘাট পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইণ্ডিয়া মঞ্চের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে নামলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুক্রবার কুমারঘাট শহরে আয়োজিত জনসভা থেকে দুর্নীতি, স্বজনপোষণ, কর্মসংস্থান ও গণতন্ত্রের প্রশ্নে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান ভোটারদের
আগামী ২৭ নভেম্বর রাজ্যের ২১টি পৌর ও নগর সংস্থার সঙ্গে কুমারঘাট পৌর পরিষদের ১৫টি আসনেও অনুষ্ঠিত হবে নির্বাচন। এই নির্বাচনে ইণ্ডিয়া মঞ্চের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছে বাম-কংগ্রেস জোট। আসন সমঝোতা অনুযায়ী ৯টি আসনে বামফ্রন্ট এবং ৬টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। জোট প্রার্থীদের সমর্থনে শুক্রবার কুমারঘাট শহরে জনসভার আয়োজন করে ইণ্ডিয়া মঞ্চ। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, ঊনকোটি জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সত্যবান দাস এবং সিপিআইএমের ঊনকোটি জেলা সম্পাদক স্বপন কুমার বৈষ্ণব-সহ অন্যান্য নেতৃত্ব।সভায় বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিশানা করেন মানিক সরকার। তাঁর দাবি, রাজ্যে দুর্নীতি কার্যত সরকারের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপি ক্ষমতায় আসার সময় রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ৬৫ হাজার, যা গত নয় বছরে কমে প্রায় এক লক্ষে দাঁড়িয়েছে। ভোটারদের উদ্দেশে বিজেপির প্রলোভন ও বিভ্রান্তিমূলক প্রচারে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।