ত্রিপুরা
img

পশ্চিম থানার হেফাজত থেকে অভিযুক্ত উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পুলিশের হেফাজত থেকে অভিযুক্তের পালিয়ে যাওয়ার অভিযোগ! দুদিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান না মেলায় প্রশ্নের মুখে আগরতলার পশ্চিম থানা। পলাতক ব্যক্তিকে ধরতে থানার অধিকাংশ পুলিশকর্মীকে কাজে লাগানোর অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, গত ৮ নভেম্বর কালীপুজোর দিন দুপুর ৩টে নাগাদ শিববাড়ির সামনে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। পরে তাঁকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, বিকেল ৪টে নাগাদ মেডিক্যাল পরীক্ষার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। এরপর দুদিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি বলে দাবি। আরও অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে থানার পুলিশকর্মীদের মুখ বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পলাতক ব্যক্তিকে ধরতে থানার অধিকাংশ কর্মীকে বাইরে কাজে লাগানোয় থানা কার্যত পুলিশকর্মীশূন্য হয়ে পড়েছে বলেও দাবি উঠেছে। অন্যদিকে, ওই ব্যক্তির বাবা ছেলেকে খুঁজে পেতে বিভিন্ন থানায় ঘুরছেন বলে জানা গিয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে সরকারি বক্তব্য এখনও সামনে আসেনি।