ত্রিপুরা
img

মহারাজকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, দীপাবলিতে নতুন সাজে শান্তি কালী আশ্রম!   যাত্রীনিবাস সহ  আরতি ঘাটের উদ্বোধন!

দীর্ঘ কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর রাজ্যে ফিরেছেন পদ্মশ্রী প্রাপ্ত স্বামী চিত্তরঞ্জন মহারাজ। তাঁর প্রত্যাবর্তনে চম্পকনগরের শ্রী শ্রী শান্তি কালী আশ্রমে তৈরি হয়েছে উৎসবের আবহ। এরই মধ্যে দীপাবলি উৎসবের শেষ দিনে আশ্রমে নবনির্মিত যাত্রীনিবাস ও আরতি ঘাটের উদ্বোধন ঘিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোমবার পাঁচ দিনব্যাপী দীপাবলি উৎসবের পঞ্চম দিনে চম্পকনগরের শ্রী শ্রী শান্তি কালী আশ্রমে উপস্থিত হন বিশিষ্ট অতিথিরা। নবনির্মিত শান্তি কালী যাত্রীনিবাসের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। অন্যদিকে, নবনির্মিত আরতি ঘাটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মহন্ত মহারাজ গয়ামনি দেববর্মা। দীর্ঘ কয়েক মাস বহিরাজ্যে চিকিৎসাধীন থাকার পর গত রবিবার মহারাজের রাজ্যে প্রত্যাবর্তনকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ। তাঁকে একনজর দেখতে আশ্রমে ভিড় জমান বহু মানুষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধ্যাত্মিকতা, বস্ত্র বিতরণ এবং পূর্ণাহুতির মতো ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে রাজ্যে আস্তিক পরিবেশের পরিচয় পাওয়া যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৮ সালে সরকার গঠনের পর থেকে রাজ্যে এমন পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের আর্থিক সক্ষমতার উন্নতির কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, শান্তি কালী আশ্রম বর্তমানে জনজাতি-সহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে বিশ্বাস ও ভক্তির এক গুরুত্বপূর্ণ মিলনক্ষেত্র হয়ে উঠেছে। যাত্রীনিবাস ও আরতি ঘাটের উদ্বোধন আশ্রমের ধর্মীয় কর্মকাণ্ড এবং পরিকাঠামোকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন ভক্ত-অনুরাগীরা।