
সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জরুরি পরিষেবা নিয়ে ফের প্রশ্ন।মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরবাজার মহকুমার বাইখোড়া আলুর গোডাউন সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। কিন্তু অভিযোগ, রেফার করার পর প্রায় ৪০ মিনিট পেরিয়ে গেলেও স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স চালক গৌতম দেবনাথকে। পরে তিনি হাসপাতালে পৌঁছালে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়। অভিযোগ, বাড়িতে যাওয়ার কারণে তাঁর ফিরতে দেরি হয়েছে বলে জানান তিনি। ডিউটি চলাকালীন কীভাবে তিনি হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপস্থিত লোকজন। অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ওঠার কথা জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী। স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পরিষেবার এমন বিলম্বের অভিযোগে স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব ও জবাবদিহি নিয়ে উঠছে প্রশ্ন।