ত্রিপুরা
img

শান্তিরবাজারে জাঁকজমকপূর্ণ রাবণ বধ অনুষ্ঠান

অধর্মের বিনাশ, সত্য ও ধর্মের জয়ের বার্তা নিয়ে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ রাবণ বধ অনুষ্ঠান। গত বুধবার শান্তিরবাজার মহকুমা দশেরা উদযাপন কমিটির উদ্যোগে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাবণ বধকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, বাইখোড়া ইসকন মন্দিরের কার্তিক মাধব প্রভু, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবক দেবাশীষ ভৌমিক ও সুমন দেবনাথ-সহ দশেরা উদযাপন কমিটির কর্মকর্তারা
বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, দশেরা শুধু একটি উৎসব নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, অসত্যের বিরুদ্ধে সত্য এবং অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের প্রতীক। রাবণ দহনের মধ্য দিয়ে মানুষের অহংকার, লোভ ও ক্রোধের মতো নেতিবাচক প্রবৃত্তিকে পরিহার করার বার্তাও তুলে ধরা হয়।অন্যদিকে, কার্তিক মাধব প্রভু রাবণ বধের পৌরাণিক তাৎপর্য তুলে ধরে বলেন, অহংকার ও অধর্মের পতনের মধ্য দিয়ে সত্য ও শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা দেয় দশেরা। দেশের বিভিন্ন প্রান্তে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিতে এই উৎসব পালিত হয় বলেও তিনি উল্লেখ করেন।শান্তিরবাজারের এই আয়োজনের মধ্য দিয়ে ধর্ম, সত্য, ন্যায় ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। রাবণ বধের প্রতীকী তাৎপর্যকে সামনে রেখে অন্যায় ও অশুভ প্রবৃত্তি পরিহার করে সৎপথে চলার আহ্বান জানান বক্তারা।