
ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই মহারাণীতে ফের উদয়পুর–অমরপুর সড়ক অবরোধ। গুলিচালনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ বলে জানিয়েছে তিপ্রা মথা সমর্থকরা।মহারাণীতে ফের উদয়পুর–অমরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তিপ্রা মথা সমর্থকরা। ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিন ওয়ারেংবাড়ি এলাকায় গুলিচালনার ঘটনায় তিপ্রা মথার প্রার্থী খচীন্দ্র রিয়াং আহত হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার তদন্তের দাবিতেই ফের সড়ক অবরোধ করা হয় বলে জানা গেছে। অবরোধের জেরে যান চলাচলে প্রভাব পড়ে এবং সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে আগের দিনের বিক্ষোভে গোমতী জেলার পুলিশ সুপার-সহ কয়েকজন আহত হওয়া এবং পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও সামনে এসেছিল। ফলে মহারাণীতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকেও নজর রয়েছে প্রশাসনের।