
গত ২৫ জুলাইয়ের হামলার ঘটনায় মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি—এই অভিযোগ তুলে বুধবার ধর্মনগর–পানিসাগর মূল সড়কের জুরকালপাট এলাকায় সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
রাজনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা দিগ্বিজয় চক্রবর্তী ও কেবল কান্তি নন্দী। উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেস নেত্রী মানসী মালাকারসহ অন্যান্য কর্মী-সমর্থকরা।আন্দোলনকারীদের দাবি, হামলার ঘটনায় মামলা হওয়ার পরও অভিযুক্তদের গ্রেফতার না করায় তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।অবরোধের জেরে ধর্মনগর–পানিসাগর মূল সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ধর্মনগর থানার অতিরিক্ত ইনচার্জ পুলিশ অফিসার দুলাল চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশের সঙ্গে আলোচনা শেষে পরে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।