ত্রিপুরা
img

সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরীর একাধিক ইস্যুতে বার্তা

একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, সীমান্ত বাণিজ্য, ত্রিপুরার স্বার্থ এবং আসন্ন বৈঠকের সম্ভাবনা—বিভিন্ন প্রসঙ্গে নিজের বক্তব্য স্পষ্ট করেন তিনি।বিশেষ নজর ছিল প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।বাংলাদেশকে ভারত কখনও পর হিসেবে দেখে না বলেও স্পষ্ট করেন তিনি।বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও আগের তুলনায় সম্পর্কের উন্নতি হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।এরই মধ্যে সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার কথাও জানান তিনি।সেই সফরে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন সুশান্ত চৌধুরী।তবে মন্ত্রীর সাংবাদিক সম্মেলনে বিশেষ গুরুত্ব পায় ত্রিপুরার সীমান্ত বাণিজ্যের বিষয়টি।আখাউড়া বর্ডার, সাবরুমের আইসিবি এবং সীমান্তপুর সীমান্ত দিয়ে export-import, ব্যবসা এবং সাংস্কৃতিক আদান-প্রদান বর্তমানে অনেকটাই বন্ধের পথে বলে জানান তিনি।মন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে সরাসরি সীমান্ত রয়েছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের।তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলে ত্রিপুরার স্বার্থের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।অর্থাৎ, প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তার পাশাপাশি ত্রিপুরার বাণিজ্যপথ পুনরায় সচল করার বিষয়টিকেও সামনে রাখলেন মন্ত্রী।সেপ্টেম্বরের সম্ভাব্য বৈঠকে ত্রিপুরার এই দাবিগুলি কতটা গুরুত্ব পায়, এখন সেদিকেই নজর।