
রাতের অন্ধকারে জাতীয় সড়কে ছুটছিল বাইক।হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লগবোঝাই গাড়িতে সজোরে ধাক্কা।ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেল এক যুবকের। গুরুতর আহত আরও এক। তেলিয়ামুড়া আসাম-আগরতলা জাতীয় সড়কের মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাঠের লগবোঝাই একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে।সংঘর্ষের তীব্রতা ছিল এতটাই বেশি যে বাইক চালক গুরুতরভাবে আহত হন ঘটনাস্থলেই।বাইকের পেছনে থাকা অপর আরোহীও গুরুতর জখম হন।দুর্ঘটনার শব্দ ও পরিস্থিতি নজরে আসতেই ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।দুজন আহতকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন।অন্যদিকে গুরুতর আহত অপর আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবিপি হাসপাতালে রেফার করা হয়।মৃত যুবকের নাম *কার্তিক মজুমদার। আহত ব্যক্তি **সুশান্ত সরকার*।দুজনেরই বাড়ি তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর এলাকায় বলে জানা গেছে।একটি রাতের পথ দুর্ঘটনায় মুহূর্তেই বদলে গেল দুটি পরিবারের চিত্র।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।অতিরিক্ত গতি, নাকি অন্য কোনো কারণে ঘটল এই দুর্ঘটনা—সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।