ত্রিপুরা
img

রাজ্যের মধু পাড়ি দিল দুবাই, বিশ্ববাজারে নতুন দিগন্ত

ত্রিপুরার অর্গানিক পণ্য এবার পাড়ি দিচ্ছে আন্তর্জাতিক বাজারে। আগরতলায় অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার-সেলার মিট। আর এই মঞ্চ থেকেই প্রথমবার দুবাইয়ে রপ্তানি হল ত্রিপুরার এক মেট্রিক টন অর্গানিক মধু। আন্তর্জাতিক বাজারে রাজ্যের অর্গানিক পণ্যের এই নতুন যাত্রা ঘিরেই এখন বাড়ছে প্রত্যাশা। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জমাতিয়া, এপেডা-র সিনিয়র কনসালট্যান্ট ডক্টর তরুণ বাজাজ এবং আইফোম-এর এক্সিকিউটিভ ডিরেক্টর জেনিফার চেংসহ বিশিষ্টরা।এপেডা ও টিএসওএফডিএ-র যৌথ উদ্যোগে এফপিওগুলির জন্য ১২টি স্টল নিয়ে প্রদর্শনী এলাকা করা হয়। সেখানে কুইন আনারস, মালাই চা, আদা, হলুদ, কাঁঠালসহ বিভিন্ন অর্গানিক পণ্য প্রদর্শিত হয়।তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রাজ্যের অর্গানিক মধুর প্রথমবার দুবাই রপ্তানির ফ্ল্যাগ অফ। কাঞ্চনপুরের ডেরগ্যাং অ্যাগ্রো ফেড প্রডিউসার কোম্পানি লিমিটেডের উৎপাদিত এক মেট্রিক টন মধু গুয়াহাটির সল্ট রেঞ্জ ফুডস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়।অনুষ্ঠানে নয়টি দেশের ২১ জনসহ ৬০ জনের বেশি বায়ার এবং প্রায় ১০০ জন কৃষক অংশ নেন।অর্গানিক মধুর হাত ধরে এবার আন্তর্জাতিক বাজারে রাজ্যের পণ্যের নতুন যাত্রা। সামনে আরও কোন কোন পণ্য বিশ্ববাজারে জায়গা করে নেয়, এখন সেদিকেই নজর।