
দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক সেই সময়েই বড় সিদ্ধান্ত উদয়পুরের অরুণাচল সংঘে। রবিবার সন্ধ্যায় হঠাৎ করেই ভেঙে দেওয়া হলো পুরনো কমিটি। আর তার জায়গায় ঘোষণা করা হলো নতুন ১৯ সদস্যের কমিটি।ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বসেছিল জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সদস্য, প্রাক্তন সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত।নতুন কমিটির সভাপতি হয়েছেন রূপম বিশ্বাস। সম্পাদক রঞ্জিত দাস। আর কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অজিত কর। সবচেয়ে নজর কাড়ছে, এই প্রথম কমিটিতে জায়গা পেলেন দু’জন মহিলা সদস্য। যা ক্লাবের নতুন ভাবনারই ইঙ্গিত দিচ্ছে।নবনির্বাচিত সভাপতি রূপম বিশ্বাস জানান, ক্লাবের কাজকে আরও গতিশীল করতেই এই পরিবর্তন। আগামী দিনে এলাকার সকলকে সঙ্গে নিয়ে সামাজিক কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।প্রসঙ্গত, প্রায় দুই মাস আগে অর্থমন্ত্রীকে দিয়ে ক্লাব ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তারপর থেকেই কমিটি পরিবর্তনের আলোচনা ছিল। অবশেষে রবিবার রাতে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হলো।স্থানীয়দের আশা, নতুন কমিটির হাত ধরেই এবারের পূজা এবং ক্লাবের সামাজিক কাজ নতুন মাত্রা পাবে।