
বইয়ের প্রতি ভালোবাসা, লেখার প্রতি আগ্রহ আর সৃজনশীল চিন্তার বিকাশ—এই লক্ষ্যকে সামনে রেখে গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রিডিং অ্যান্ড রাইটিং উৎসব-২০২৬’। উদয়পুরে দিনব্যাপী এই উৎসবে অংশ নিল জেলার বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা। শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং লেখার প্রতি আগ্রহ বাড়াতেই গোমতী জেলা শিক্ষা দপ্তরের অভিনব উদ্যোগ—‘রিডিং অ্যান্ড রাইটিং উৎসব-২০২৬’। উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত এই উৎসবে জেলার বিভিন্ন ব্লকের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মোট ৭২ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। দুটি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় পড়া, লেখা, ভাষাগত দক্ষতা এবং সৃজনশীল চিন্তার বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চারাগাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথের। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর গৌরাঙ্গ শুক্ল দাসসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও আধিকারিকরা। জেলাশাসক রিংকু লাথের বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার অভ্যাস শিশুদের জ্ঞান, কল্পনাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বইয়ের পাতায় কি লুকিয়ে ভবিষ্যতের নতুন প্রতিভা? এমন উদ্যোগই হয়তো তৈরি করবে আগামী দিনের লেখক, চিন্তক আর স্বপ্নদ্রষ্টাদের। শিশুদের পাঠাভ্যাসে জোর, সৃজনশীল প্রতিভা বিকাশে জেলার অভিনব উদ্যোগ