ত্রিপুরা
img

সরকারি সহায়তা থেকে বঞ্চিত অসহায় বৃদ্ধ

সরকারি ভাতা ও আবাস যোজনার সুবিধা পাওয়ার কথা থাকলেও এখনও বঞ্চিত থাকার অভিযোগ এক অসহায় বৃদ্ধের। উত্তর ত্রিপুরার আলগাপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কেন আজও মেলেনি সরকারি সহায়তা? জীবনের শেষ প্রান্তে এসে সরকারি সহায়তার আশায় দিন গুনছেন উত্তর ত্রিপুরার আলগাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭০ বছর বয়সি নৃপেন্দ্র দেব। বার্ধক্য, অসুস্থতা আর চরম আর্থিক সংকটের মধ্যেই কাটছে তাঁর দিন।পরিবার বলতে রয়েছেন শুধু বৃদ্ধ দম্পতি। একমাত্র ছেলে মারা গিয়েছেন, মেয়ে বিয়ের পর অন্যত্র থাকেন। একসময় ঠেলাগাড়ি চালিয়ে সংসার চললেও এখন শারীরিক অসুস্থতার কারণে কাজ করাও সম্ভব নয়। জরাজীর্ণ ঘরেই কোনোমতে আশ্রয় নিয়েছেন তাঁরা।নৃপেন্দ্র দেবের অভিযোগ, বৃদ্ধভাতা ও আবাস যোজনার সুবিধা পেতে বহুবার পঞ্চায়েত অফিস ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও এখনও কোনও সুবিধা পাননি। তাঁর দাবি, স্থানীয় স্তরে প্রভাব খাটানোর কারণেই বারবার তাঁর আবেদন আটকে যাচ্ছে।তবে এই অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।এদিকে স্থানীয়দের একাংশের দাবি, প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে অন্যদের নাম সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে প্রকৃত অসহায় মানুষরা বঞ্চিতই থেকে যাচ্ছেন। নৃপেন্দ্র দেবের অভিযোগের তদন্তে কী পদক্ষেপ নেবে প্রশাসন, আর আদৌ মিলবে কি তাঁর প্রাপ্য সরকারি সহায়তা—এখন সেই দিকেই তাকিয়ে সকলের নজর। ভাতা-আবাসের অপেক্ষায় দিন গুনছেন বৃদ্ধ নৃপেন্দ্র দেব এখনও