ত্রিপুরা
img

বেহাল রাস্তায় ভোগান্তিতে মধ্যেরটিলা এলাকাবাসী

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে শান্তিরবাজারের মধ্যেরটিলা এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র সংস্কার হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। রাস্তা সংস্কারের দাবিতে এবার জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী।
দক্ষিণ ত্রিপুরার ৩৬ নম্বর শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যেরটিলা এলাকার রাস্তা দীর্ঘদিন ধরেই ভগ্নদশায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদায় ভরে যায় রাস্তা, ফলে যাতায়াতে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় মানুষ।স্থানীয়দের অভিযোগ, অতীতে রাস্তার কিছু কাজ হলেও তা টেকসই হয়নি। তাঁদের দাবি, উন্নয়নের নামে অর্থ ব্যয় হলেও বাস্তবে সমস্যার সমাধান মেলেনি। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এলাকাবাসীর দাবি, এই রাস্তা দিয়েই শান্তিরবাজার রেলস্টেশন, জেলা হাসপাতাল, কাঞ্চননগরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয়। বিকল্প রাস্তা না থাকায় প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষ।সমস্যার দ্রুত সমাধানের দাবিতে স্থানীয়রা রাস্তা নির্মাণের আবেদন জানিয়েছেন এলাকার এমডিসি কেনারাম রিয়াং-এর কাছে। এখন প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন বাসিন্দারা।
দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান কবে? এখন সেই উত্তর খুঁজছেন এলাকাবাসী।