
গাড়ি কিনতে সাবরুম থেকে আগরতলায় এসেছিলেন এক ব্যক্তি। সঙ্গে ছিল ২ লক্ষ টাকা। কিন্তু সেই টাকাই হয়ে উঠল বিপদের কারণ। ভাড়া বাড়িতে ঢুকতেই হামলা, মারধর করে ছিনতাই। ঘটনার তদন্তে নেমে পূর্ব থানার পুলিশের জালে দুই অভিযুক্ত। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। তবে এখনও অধরা ছিনতাইয়ের বাকি অর্থ ও অন্যান্য জড়িতরা। আগরতলার লালবাহাদুর এলাকায় চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। সাবরুমের বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা গাড়ি কেনার উদ্দেশ্যে ২ লক্ষ টাকা নিয়ে আগরতলায় আসেন। তিনি লালবাহাদুর এলাকার বাসিন্দা রাজেশ ত্রিপুরার ভাড়া বাড়িতে পৌঁছান।অভিযোগ, সেই সময় রাজেশ বাড়িতে না থাকায় ৩ থেকে ৪ জন যুবক সেখানে এসে ধনঞ্জয় ত্রিপুরাকে মারধর করে তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লালবাহাদুর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ধৃতদের কাছ থেকে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে।পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের খোঁজে তল্লাশি চলছে। একইসঙ্গে ছিনতাই হওয়া বাকি টাকার সন্ধানেও তদন্ত জোরদার করেছে পূর্ব থানার পুলিশ। বাকি ৬৫ হাজার টাকা কোথায়? আর এই ছিনতাই চক্রের সঙ্গে জড়িত অন্য অভিযুক্তরা কবে ধরা পড়বে? সেই দিকেই এখন নজর তদন্তকারীদের। ভাড়া বাড়িতে ডেকে হামলা, উদ্ধার ১ লক্ষ ৩৫ হাজার টাকা—বাকিটা কোথায়?