ত্রিপুরা
img

মলয়নগর বাইপাসে ট্রান্সফরমারে ভয়াবহ আগুন

রাজধানীর মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় আচমকাই একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আচমকাই ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়া পরিণত হয় ভয়াবহ আগুনে।আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।ফলে আগুন পাশের বাড়িঘর কিংবা অন্য কোনও স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়। বড়সড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গোটা এলাকা।এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রান্সফরমারে আগুন লাগার পরই যুগেন্দ্রনগর বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও কর্মীরা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছান।তাদের দাবি, সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে পরিস্থিতি আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত। যদিও এই অভিযোগের বিষয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রান্সফরমারে আগুনের প্রকৃত কারণ কী? এটি কি প্রযুক্তিগত ত্রুটি, নাকি রক্ষণাবেক্ষণের গাফিলতি? আর বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ওঠা দেরির অভিযোগের কী জবাব মিলবে? তদন্তের পরই মিলবে সেই উত্তর। ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণে আগুন, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে দেরির অভিযোগ এলাকাবাসীর