ত্রিপুরা
img

শান্তিরবাজার উন্নয়নে বড় পরিকল্পনার পরিদর্শন শুরু

শান্তিরবাজারকে আরও আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে বড় উদ্যোগ প্রশাসনের। শহরের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করলেন প্রশাসন ও পৌর পরিষদের প্রতিনিধিরা। 
শান্তিরবাজার পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন প্রশাসন ও পৌর পরিষদের প্রতিনিধিরা।পরিদর্শনে শান্তিরবাজার মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ, নতুন ও পুরনো মোটরস্ট্যান্ড, শহরের বিভিন্ন সড়ক, জল নিষ্কাশন ব্যবস্থা এবং বাজার এলাকায় নতুন স্টল নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখা হয়। উন্নত নাগরিক পরিষেবা, যানবাহন চলাচল সহজ করা এবং ব্যবসায়ীদের জন্য আরও ভালো পরিবেশ গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।প্রতিনিধি দলের সদস্যরা জানান, শহরের দীর্ঘমেয়াদি উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজারের আধুনিকীকরণ, নিকাশি ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিকল্পনা হয়েছে, পরিদর্শনও শেষ। এবার দেখার, কবে বাস্তবের রূপ পায় এই উন্নয়ন প্রকল্পগুলি এবং কতটা বদলে যায় শান্তিরবাজারের চেহারা।