
তপশিলি জাতির কল্যাণে চলমান প্রকল্পের অগ্রগতি কতটা? কোথায় রয়েছে ঘাটতি, আর আগামী দিনে কী কী উদ্যোগ নেওয়া হবে? এই সব বিষয় নিয়েই আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক রিভিউ মিটিং।
তপশিলি জাতি ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক রিভিউ মিটিং। বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের সচিব দীপা ডি. নায়ার-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।বৈঠকে তপশিলি জাতির কল্যাণে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন জেলার কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, তপশিলি জাতির সার্বিক উন্নয়ন ও সরকারি সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রকল্পগুলির দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
রিভিউ বৈঠকে একাধিক পরিকল্পনা ও নির্দেশনা উঠে এল। এবার সেই সিদ্ধান্তগুলি মাঠে কতটা দ্রুত বাস্তবায়িত হয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।