
জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে কুমারঘাটে তুমুল বিক্ষোভে নামল কংগ্রেস। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামলেন কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা-কর্মীরা।
জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মিছিলটি। হাতে গ্যাস সিলিন্ডারের প্রতীক ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদী পোস্টার নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সত্যবান দাস, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা কংগ্রেসের সহ-সভাপতি রিন্টু লাল দেব সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সত্যবান দাস অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং মনীষা দাসের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তেরও দাবি তোলেন।দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
দ্রব্যমূল্য, বেকারত্ব, NEET কেলেঙ্কারি থেকে শুরু করে মনীষা দাসের মৃত্যুর তদন্ত—আর কংগ্রেসের ঘোষিত বৃহত্তর আন্দোলন কতদূর গড়ায়? সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।